দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। একই সঙ্গে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে কোনো বাধা না দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের কথা জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদ।
তবে জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা একাডেমিতে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করার সুযোগ নেই। এনসিপি সেখানে অনুষ্ঠান করতে পারবে না।
জানা গেছে, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল। এর আগে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। তিনি ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণাও দেন বিক্ষুব্ধরা।

এ অবস্থায় শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে শনিবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটি জানায়নি। সেজন্য ওইভাবে অনুমতি দেওয়া সম্ভব নয়। শিল্পকলা একাডেমিতে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করার সুযোগ নেই। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।
কেএম